'তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সারা দেব !' -(সূরা মুমিনঃ ৬০)
- আশেক ইয়ামিন
হৃদয়গুলো জাগিয়ে দিতে, শুদ্ধ দেহে নতুন প্রাণ,
বেহেশতি ঘ্রাণ ছড়িয়ে আবার আসলো ফিরে এ রমযান।
প্রবৃত্তিটার জোয়াল ধরে লাগাম পরায় শক্ত হাত,
পাপের অমানিশা ভেদি হৃদয়ভূমে হয় প্রভাত!
রাত্রি-দিবস অবাধ্যতায় যে জালেমের কাটতো দিন,
ক্ষমার এ মাস সিক্ত করে বানায় কাদা পাষাণ দিল।
খোদায় ভালবাসতে যেথায় রিপুর বেড়ি দিচ্ছে বাঁধ,
সংযমের এ অস্ত্র আনে শিকল ভেঙ্গে জলপ্রপাত!
গড্ডালিকা স্রোতে যখন ভাসছি ভীষন চিন্তাহীন,
রোযার এ মাস ঘুম ভাঙ্গিয়ে বলছে - এসব অর্থহীন।
বলছে ডেকে চুপি চুপি শোনরে সজাগ কানগুলো,
বেখেয়ালে আর কতদিন কাটবে তোদের দিনগুলো?!
প্রতি পলে ক্ষমার এমন ঝরনা কোথায় বইছে বল,
উৎস তোদের যেথায় ছিল সেদিক পানেই ফেরত চল!
রমযানে আজ বইছে বাতাস – খোদাই ডাকেন বান্দারে
- বেহেশতি এ জীবনটারে বিকিয়ে দিলি কোন দরে?!
ক্লান্ত দেহে গভীর ধ্যানে অন্তরে আজ দেখ চেয়ে,
ঐশী প্রেমের সুরলহরী কোন সে প্রেমিক যায় গেয়ে!
দয়া-প্রেমের যে সুরে আজ সম্মোহিত পৃথ্বীভূম,
খোদার মেহমান হয়ে তায় ভাঙ্গুক সকল মোহের ঘুম।